
জেলার সদর উপজেলায় ভারতে পাচারের সময় দুই পিস স্বর্ণের বারসহ মোছা. শিউলী আক্তার (২৩) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত স্বর্ণের বারের মোট ওজন ২৯৬ দশমিক ৪০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।
আজ শুক্রবার বিকালে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সড়কের বাঁকাল চেকপোষ্টের কাছে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের খুলনা মোড় থেকে ইজিবাইকযোগে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে ভোমরা সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানের ফলে মোছা. শিউলী আক্তারকে আটক করা হয় এবং তার কাছ থেকে দুই পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃত শিউলী আক্তার সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা তালতলা গ্রামের মোহাম্মদ জুবায়েরের স্ত্রী।
বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।